ভ্যাটের আওতায় ই-সিম

২৫ এপ্রিল, ২০২২ ১০:৫৬  
মার্চে ঘোষণা দিলেও নীতিগত জটিলতায় সোমবার থেকে ই-সিম বিক্রি শুরু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। তবে তার আগেই  নতুন প্রযুক্তির ই-সিমকেও সাধারণ সিমের মতো ২০০ টাকার মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আনা হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনারকে এই নতুন নির্দেশনা জানিয়ে দিয়েছে। ওই নির্দেশনায় বলা হয়, ই-সিম সাধারণ সিম সরবরাহকারী হিসেবে সংজ্ঞাভুক্ত এবং করের আওতায় আসবে। ২০১৯ সালে সিম সরবরাহের ক্ষেত্রে ২০০ টাকা করে কর আরোপ করা হয়। মোবাইল ফোন অপারেটরেরা সিম বিক্রির ওপর এই কর সরকারি কোষাগারে জমা দেয়। সিম হারালে বা নষ্ট হয়ে গেলে পুনস্থাপন বা রূপান্তরের ক্ষেত্রে ১০০ টাকা করে কর রাখা হয়।